বাগেরহাটের রামপালে ছাত্র এবং তরুণদের নিয়ে অনলাইনে জুয়া খেলা পরিচালনার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।
বুধবার সন্ধ্যায় উপজেলার চাকশ্রী এলাকায় অভিযান চালানো হয় বলে বাগেরহাট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী হাসান রন্টু জানান।
গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার বৃচাকশ্রী গ্রামের সৈয়দ সোহাগ হোসেন (২৯) এবং কুমলাই গ্রামের শেখ রিপন উদ্দিন (৩০)।
সিআইডির এএসপি মেহেদী হাসান রন্টু বলেন, অনলাইনে জুয়া খেলা পরিচালনার খবর পেয়ে রামপালের ওই এলাকায় গিয়ে রিপন ও সোহাগকে গ্রেপ্তার করা হয়।
কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি বলেন, “অনলাইনে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে কী পরিমাণ অর্থের লেনদেন হয়েছে তা তদন্তের স্বার্থে এখন বলা যাবে না।”
এএসপি আরও বলেন, এই চক্রটি ২০১৮ সাল থেকে অনলাইনে জুয়া পরিচালনা করে আসছে। তারা উঠতি বয়সী তরুণ ও ছাত্রদের জুয়ায় আসক্ত করছে।
